খাগড়াছড়ি, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জনসংহতি সমিতির এক নেতা খুন হয়েছেন।
নিহতের নাম প্রদীপ কান্তি চাকমা যোগেশ (৪৩)। রোববার রাত ১২টার দিকে বড়াদাম এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
দীঘিনালা থানার ওসি সুভাষ চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভ্যন্তরীণ কোন্দলের কারণে যোগেশ খুন হয়েছেন বলে আমরা ধারণা করছি।"
যোগেশের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে থানার উপপরিদর্শক মোহাম্মদ হাবিব জানিয়েছেন।
লাশ ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দীঘিনালার স্থানীয় নেতা যোগেশ প্রতিদিনই বড়াদাম বাজারে অনেক রাত পর্যন্ত থেকে বাড়ি ফিরতেন। প্রতিদিনের মতো রোববার রাতে ফেরার সময়ই আক্রান্ত হন তিনি।
ওসি সুভাষ জানান, যোগেশের বিরুদ্ধে বিভিন্ন অভিযাগে থানায় চারটি মামলা রয়েছে। তবে তিনি জামিনে ছিলেন।
এদিকে মাটিরাঙ্গা উপজেলায় কামিনীপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন।
নিহতের নাম তরুণ কুমার ত্রিপুরা (৩০)। রোববার সন্ধ্যায় ছোট ভাই সরণ কুমারের লাঠির আঘাতে তরুণ মারা যান বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24