রাঙামাটি, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, পার্বত্য এলাকায় লেখাপড়া শিখে অনেকে এগিয়ে গেলেও অর্থ ও সুযোগ-সুবিধার অভাবে এ অনগ্রসর এলাকায় অনেকেই পিছিয়ে পড়েছেন।
তিনি শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার পাশাপাশি নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের অবসান ঘটানোর আহ্বান জানান।
রোববার রাঙামাটিতে চাকমা রাজদরবারে অনুষ্ঠিত চাকমা সার্কেলের ৫১ তম রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় রাজপুণ্যাহ উপলক্ষে আয়োজিত দরবারে এ আহ্বান জানান।
বেলা ১টায় দিকে রাজকীয় সাজে রাজা দেবাশীষ রায়, রাজকুমার আর্যদেব ত্রিভূবন রায়, রাজকুমারী আরাধনা শ্রেষ্ঠী রায়সহ রাজপরিবারের সদস্যরা অতিথিদের নিয়ে রাজ দরবারে প্রবেশ করেন। এসময় রাজকীয় ব্যান্ড বাজতে থাকে।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, ইউএনডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দেশী-বিদেশীরা।
অনুষ্ঠানে ঐতিহ্য মত রাজাকে সম্মান প্রদর্শন করে খাজনা দেন হেডম্যান বা মৌজা প্রধানরা।
এদিকে রাজ পূন্যাহকে কেন্দ্র করে ছোট বড় শতাধিক দোকান নিয়ে মেলা বসেছে। মেলায় মোটর সাইকেল খেলা, যাদু, সার্কাস ও লটারির ব্যবস্থা রয়েছে। বিকালের দিকে অনুষ্ঠিত আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজা দেবাশীষ রায় তার লিখিত বক্তব্যে আরো বলেন "শিশু না কাঁদলে মা দুধ দেয় না। কাজেই মুখের কথায় নয়, কাজে চুক্তি বাস্তবায়ন দেখতে চাইলে আমাদেরকে কাঁদতে হবে, কাঁদতে জানতে হবে।"
তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতার হাত বাড়াতে অন্য মন্ত্রী, সাংসদ, কর্মকর্তা, বুদ্ধিজীবী ও সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায় ১৯৭৭ সালে ৫১তম রাজা হিসেবে অভিষিক্ত হন এবং ১৯৭৯ সালে রাঙামাটিতে রাজপুণ্যা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছর পর সর্বশেষ ২০০৩ সালে রাজপুন্যা অনুষ্ঠিত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24