২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নির্বাচনের বিরোধিতা করে কিশোরগঞ্জে পরিবহন ধর্মঘট

কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকে রোববার সকাল থেকে লাগাতার ধর্মঘট শুরু হয়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকে রোববার সকাল থেকে লাগাতার ধর্মঘট শুরু হয়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠেয় জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ এ ধর্মঘটের ডাক দেয়। সকালে শ্রমিকরা বাস স্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। আন্দোলনকারী শ্রমিকরা সংগঠনের বর্তমান সভাপতি ও শ্রমিক লীগের জেলা সভাপতি সিরাজুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত ও বিচার এবং সুষ্ঠু ভোটার তালিকা করে নতুন নির্বাচনী তফসিলের দাবি করে আসছে। আন্দোলনকারী নেতা বাস চালক কাঞ্চন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সভাপতি দীর্ঘদিন ধরে সংগঠনের ক্ষমতা কুক্ষিগত করে আছেন। সাধারণ শ্রমিকদের আমানতের কোটি কোটি টাকা আত্মসাৎ করে তিনি ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়েছেন।" এছাড়া প্রকৃত শ্রমিকদের বাদ দিয়ে 'মনগড়া' ভোটার তালিকা করে প্রহসনের নির্বাচনের চেষ্টার প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে দাবি করেন তিনি। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের ব্যাপারে সিরাজুল ইসলামের বক্তব্য জানা যায়নি। প্রধান নির্বাচন কমিশনার ও জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ্ আজিজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসকে/২১০৩ঘ.