সাতক্ষীরা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরার ভোমরা সীমান্তে রোববার ভোরে নারী-পুরুষ ও শিশুসহ ১৭ জন বাংলাদেশীকে আটক করেছে বাংলাদেশ রইফেলস (বিডিআর)।
পরে তাদের বিরুদ্ধে মামলা করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
এ ১৭ জন হলেন- নড়াইলের নড়াগাতি গ্রামের রফিক মোল্লা (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৮), ছেলে আবুল (৯), কামরুল (৮) ও মেয়ে রশিদা (৭)। বাগেরহাটের শরণখোলার রাজউই গ্রামের আলিম (২৮), তার স্ত্রী মুকুল (২২), ছেলে বাবু মিয়া (৯) ও মেয়ে ময়না (১০)। বানিয়ালি বাজার এলাকার হাসান আলি (১৫), মোড়লগঞ্জের কুমারখালি গ্রামের আল-আমিন (২০), সখিনা বেগম (১৮) ও রুবেল মিয়া (১৬)।
এ ছাড়া মোহনগঞ্জ থানার গুলসাখালি গ্রামের এমাদুল (১৪), রায়েন্দা থানার রাজউই গ্রামের সোহেল (১৪), মংলা গ্রামের জাবেদ আলি (২১) ও পিরোজপুরের জরজিয়া গ্রামের মনির হোসেন (২০)।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-সহকারি পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটক বাংলাদেশীরা কয়েক মাস আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যায়।"
তারা ভারতে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে সেখানকার বরাদগর সাবজেলে বন্দি ছিল। ভারতীয় পুলিশ তাদেরকে জেলখানা থেকে বের করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র কাছে হস্তান্তর করে বলে মাহবুবুর জানান।
ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা রোববার ভোর সাড়ে ৫টার দিকে তাদেরকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এসময় টহলরত বিডিআর সদস্যরা তাদেরকে আটক করে বলে ডিএডি মাহাবুবুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/২০০৭ ঘ.
bdnews24