ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন অনুযায়ী গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে এক ব্যক্তিকে আদালতে হাজির না করায় র্যাবের এক কর্মকর্তাকে তলব করেছে আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান রোববার এ আদেশ দেন।
র্যাব-৪ এর কর্মকর্তা (ডিএডি) শেখ শহিদুল ইসলামকে ওই ঘটনার কারণ দর্শাতে আগামী ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
র্যাবে কর্মরত পুলিশ পরিদর্শক শহীদুলের নেতৃত্বে ২৪ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গত ২৫ নভেম্বর পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়।
রবিউলের আইনজীবী আমিনুল গণি টিটোর অভিযোগ, রবিউলকে গ্রেপ্তারের ১৮ ঘণ্টা ২৫ মিনিট পর তার বিরুদ্ধে মামলা করেন শহীদুল। পরে ২৭ নভেম্বরে তাকে আদালতে হাজির করা হয়।
"ফৌজদারি কার্যবিধির ৬১ ধারা এবং সংবিধানের ৩৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু রবিউলের ক্ষেত্রে আইন লঙ্ঘন করা হয়েছে", বলেন তিনি।
এ মামলায় রোববার রবিউলের জামিন চান আমিনুল গণি। আদালত ওই আবেদনের শুনানির জন্যও বৃহস্পতিবার তারিখ রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬২০ ঘ.
bdnews24