সিলেট, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে ইসলামী আন্দোলনের তিনদিনের লংমার্চ সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে শেষ হয়েছে।
শনিবার সকালে এক হাজারেরও বেশি গাড়ির বহর সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা থেকে যাত্রা শুরু করে। দুপুরে জকিগঞ্জের আটগ্রাম পৌঁছে একটি সমাবেশ করে লংমার্চকারীরা।
গত বৃহস্পতিবার ঢাকা থেকে লংমার্চটি সিলেটের জকিগঞ্জের উদ্দেশে রওয়ানা দেয়। এতে নেতৃত্ব দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
আটগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে সমাবেশে চরমোনাইর পীর বলেন, ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সেখানে বাংলাদেশের পক্ষে টিপাইমুখ বাঁধ বন্ধের দাবি তুলে ধরতে হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লা আল মাদানী, মাওলানা মোক্তার হোসেন, লং মার্চ আয়োজক কমিটির সদস্য সচিব এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বিপ্লব বিজয় তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লংমার্চকারীরা জকিগঞ্জের আটগ্রামে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24