নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী এক সপ্তাহের মধ্যে গ্যাস সংকট নিরসন না হলে রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগের দুটি সড়কই অবরোধের ঘোষণা দিয়েছে ফতুল্লাবাসী।
শুক্রবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার বৃহত্তর মাসদাইর এলাকার কয়েক হাজার ক্ষুব্ধ বাসিন্দা শহরের মাসদাইর বাড়ৈভোগ এলাকায় সমাবেশ করে এ ঘোষণা দেন।
এলাকাবাসী আগামী বুধবারের মধ্যে গ্যাস সংকট নিরসন না হলে পরদিন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এবং ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ (লিংক) সড়ক অবরোধের পাশাপাশি আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে।
সমাবেশে শহরের মাসদাইর, পশ্চিম মাসদাইর, ঘোষের বাগ, কাশীপুর এবং এর আশপাশের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাজী সাদেক, ভাসানি মেম্বার, কাজী নিজাম উদ্দিন ও ওলিউল্লাহ স্বপন।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের কারণেই ফতুল্লা ও আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। পঞ্চবটি থেকে মোক্তারপুর পর্যন্ত সড়কে রাস্তার দুই পাশের শিল্প প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে আবাসিক শ্রেণীর সংযোগ নিয়ে ব্যবসা করছে। গ্যাস সংকটের জন্য দায়ী এ ধরনের ১১ টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করা হলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
এর আগে গত ২০ ডিসেম্বর গ্যাস সংকটে অতিষ্ঠ ফতুল্লার ভোলাইল, কাশীপুর ও মাসদাইর এলাকার বাসিন্দারা ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক প্রায় ছয় ঘন্টা অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসন, পুলিশ ও তিতাস গ্যাস কর্মকর্তারা পরবর্তী ১০ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০২১ ঘ.
bdnews24