২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় ছিনতাইয়ের সময় আটক ২ পুলিশ সদস্য

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 06:05 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই পুলিশ সদস্য। তারা হলেন-আর্মড পুলিশের পঞ্চম ব্যাটালিয়নের কনস্টেবল মো. সোলায়মান ও ইয়াকুব আলী। মহানগর পুলিশের উত্তরা জোনের উপ-কমিশনার (ডিসি) নিসারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ দুই পুলিশ সদস্য সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একজন অবৈধ মুদ্রা ব্যবসায়ী এবং একজন যাত্রীর কাছ থেকে টাকা ও দিরহাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওইসময় বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের আটক করে। পুলিশ কর্মকর্তা বলেন, "একজন যাত্রী তাজ মোহাম্মদ নামে এক মুদ্রা ব্যবসায়ীর কাছে ২০০০ টাকার বিনিময়ে ১০ ওমান রিয়াল বিক্রি করেন। আটক দুই পুলিশ সদস্য প্রথমে ওই যাত্রীর কাছ থেকে ২০০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা তাজ মোহাম্মদের কাছ থেকেও ৩৩০ দিরহাম ছিনিয়ে নেয়। তাজ মোহাম্মদ চিৎকার করলে তারা ৩৩০ দিরহাম ফেরত দেয়। তখন বিমানবন্দর থানার পুলিশ ওই দুই পুলিশ সদস্যকে ছিনতাইকারী হিসেবে ধরে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পুলিশ সদস্য।" আটক দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আরিফ আরো জানান, অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বেচা-কেনায় জড়িত থাকায় তাজ মোহাম্মদ থানায় অভিযোগ করতে ভয় পাচ্ছেন। তাকেও আটক করা হয়েছে। চলতি মাসেই পল্টনে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন আদাবর থানার এক পুলিশ কর্মকর্তা। তার সহযোগী আরও দুই পুলিশ সদস্য এখনো পালিয়ে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএম/এএনএস/এইচএ/২৩৫৯ ঘ.