সাতক্ষীরা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) মাথায় আঘাত করার ঘটনার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশাশুনি উপজেলার বদরতলা বাজার থেকে শুক্রবার দুপুরে আলী হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তিনি দেবহাটা উপজেলার জোয়ারগুচ্ছ গ্রামের মনছুর আলী ছেলে।
গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় এসপি মনির-উজ-জামান দেবহাটা উপজেলার নোড়ারচক এলাকায় গেলে অজ্ঞাত এক ব্যক্তি তার মাথায় আঘাত করে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ একটি মামলা করে।
দেবহাটা থানার ওসি শাজাহান খান বলেন, গত ১৫ নভেম্বর দেবহাটার নোড়ারচক এলাকার ২৭০ বিঘা খাস জলমহাল ভূমিহীন নামধারীর কিছু লোক দখল করে নেয়। এ ঘটনায় তদন্তে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ঘটনাস্থলে গেলে এসপির'র ওপর এ হামলা হয়।
ঘটনার রাতেই ১০ জনের নাম উল্লেখ করে এবং ২/৩ 'শ অজ্ঞাত লোককে আসামি করে দেবহাটা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
আলী হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/২৩২০ ঘ.
bdnews24