ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের জন্য স্বতন্ত্র একটি হাসপাতাল হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম শুক্রবার মুক্তিযোদ্ধাদের এক পুনর্মিলনীতে এ ঘোষণা দেন।
তিনি জানান, ৭৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীর তেজগাঁওয়ে ওই হাসপাতাল হবে।
"দেশের শ্রেষ্ঠ সন্তানরা ওই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন", বলেন প্রতিমন্ত্রী।
আগারগাঁওয়ে এলজিইডি ভবনে ৭ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে ওই সেক্টরের প্রবীণ মুক্তিযোদ্ধারা অংশ নেন।
অনুষ্ঠানে অনেকেই মুক্তিযোদ্ধার তালিকার অসঙ্গতি নিয়ে অভিযোগ জানান।
তাজুল ইসলাম বলেন, "অনেক ক্ষেত্রে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারাই ভুয়া তালিকা তৈরিতে সহায়তা করছেন। এটা বন্ধ করতে সরকার কাজ শুরু করছে। তবে তালিকা শুদ্ধ করতে কিছু সময় লাগবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এমআই/১৭৩০ ঘ.
bdnews24