খুলনা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দা সত্ত্বেও কৃষকদের উৎপাদনশীলতার কারণে বাংলাদেশ তেমন কোনো অর্থনৈতিক দুর্যোগের কবলে পড়েনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
এ জন্য তিনি কৃষকদের 'জাতীয় বীর' বলে অভিহিত করেন।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর একথা বলেন।
তিনি বলেন, "কৃষকরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বিশ্ব মন্দার ভয়াবহ প্রভাব থাকা সত্ত্বেও কৃষকদের যথাযথ উৎপাদনশীলতার কারণে বাংলাদেশ তেমন কোনো অর্থনৈতিক দুর্যোগের মুখে পড়েনি। বরং বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে।"
কৃষিভিত্তিক অর্থনীতি মজবুত করতে কৃষি ঋণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে আতিউর বলেন, "বর্তমানে কৃষি উপকরণের কোনো ঘাটতি নেই। কৃষকদের পর্যাপ্ত সার-বীজ সরবরাহ করা হচ্ছে।"
ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ব্যাংকের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সভায় সোনালী ব্যাংকের পরিচালক সুভাষ সিংহ রায়, বাংলাদেশ ব্যাংক খুলনার মহা ব্যবস্থাপক একে এম ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এএল/এইচএ/২৩৩৫ ঘ.
bdnews24