ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবুধাবী গ্র"পের টেলিকম কোম্পানি ওয়ারিদ তাদের স্মার্ট ভ্যালু অ্যাডেড সার্ভিসকে গ্রাহকের কাছে জনপ্রিয় করতে নতুন এক প্রচারাভিযান শুরু করেছে।
ওয়ারিদের চিফ কমার্শিয়াল অফিসার ম্যারিআস এম. ভয়নিয়া বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
ওয়ারিদের মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার (প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস) আব্রাহাম কায়কোবাদ এইসব ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস)- এর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ওয়ারিদ গ্রাহকদের বর্তমানে রিংটোন, গান, সর্বশেষ সংবাদ, স্টক অ্যালার্ট, ভ্রমণ, সৌন্দর্য টিপস এবং মোবাইল ইন্টারনেটসহ বিভিন্ন ধরণের তথ্য ও বিনোদনমূলক সার্ভিস দিচ্ছে।
ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলোকে আরও পরিচিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি চলচ্চিত্রের অভিনেত্রী সাদেকা পারভীন পপি এবং ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপন চিত্রও বানাচ্ছে।
সিসিও ম্যারিআস এম. ভয়নিয়া সংবাদ সম্মেলনে বলেন, "গ্রাহকরা এই ভ্যালু অ্যাডেড সার্ভিসের সুবিধাগুলো উপভোগ করার মাধ্যমে তাদের যোগাযোগ চাহিদা পূরণ করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।"
প্রথম ধাপে ওয়ারিদ ইয়োলো পেজ, রিংটোন, মিসডকল অ্যালার্ট, স্টক অ্যালার্ট এবং কলার টিউনসকে জনপ্রিয় করার প্রচারণা চালাবে।
সংবাদ সম্মেলনে ওয়ারিদের সিইও মুনীর ফারুকী ও অন্য কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এসকে/২৩০৭ঘ.
bdnews24