ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদের একটি রেস্তোরাঁ থেকে বৃহস্পতিবার সকালে ওই রেস্তোরাঁরই এক ব্যবস্থাপকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম রমজান মিয়া (৩৫)। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মুসলিমউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৭টার দিকে মুখ ও পা বাঁধা অবস্থায় রেস্তোরাঁর মেঝেতে রমজানের রক্তমাখা লাশ পাওয়া যায়। পাশে একটি দা পাওয়া গেছে।"
পুলিশের ধারণা, রমজানকে রাতে হত্যা করা হয়।
সায়েদাবাদ জনপথ মোড়ের আল আরজু রেস্তোরাঁয় কাজ করতেন রমজান।
ওই রেস্তোরাঁর মালিক বশির এলাহী জানান, চার বছর ধরে রমজান তার রেস্তোরাঁয় কাজ করছে। রমজানের অন্য ব্যবসায়ও ছিলো।
কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা পুলিশ উদ্ঘাটন করতে পারেনি। তবে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মুসলিম জানান।
লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রমজানের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। তার একটি মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.
bdnews24