ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজায় দোকান দখল চেষ্টার অভিযোগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
গৃহনির্মাণ প্রতিষ্ঠান গুডলাক রিয়্যাল এস্টেটের ব্যবস্থাপক মুহাম্মদ আলী মানু ঢাকার হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।
নির্বাহী হাকিম লোকমান হোসেন অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে ওই মার্কেটে এ ঘটনাকে কেন্দ্র করে 'শান্তি-শৃঙ্খলা রক্ষার' জন্যও পুলিশের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।
মানুর অভিযোগ, মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সের চার তলায় চারটি দোকান ২ কোটি টাকায় গুডলাক রিয়্যাল এস্টেট থেকে কিনতে ডাবলু ১৯৯৮ সালের ৩ অক্টোবর ২ লাখ টাকায় বায়না করেন। কিন্তু বাকি টাকা না দিয়েই গত ২০ ডিসেম্বর কয়েকজন সন্ত্রাসী নিয়ে দোকানগুলো দখলের চেষ্টা চালান আসামি।
খোন্দকার দেলোয়ারের আরেক ছেলে আকতার হামিদ পবনের বিরুদ্ধে সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৪০ঘ.
bdnews24