ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে আধুনিক ও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
জাতীয় স্মৃতি, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা ধারণ করে চলচ্চিত্রই ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে পারে মন্তব্য করে তিনি বলেন, "আমাদের চলচ্চিত্রে দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটাতে হবে। এজন্য সরকার ফিল্ম আর্কাইভকে আরও আধুনিক ও যুপোপযোগী করবে।"
মঙ্গলবার 'বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা-২০০৯' চুড়ান্ত করা উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফিল্ম আর্কাইভ পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা- ২০০৯ এর ওপর আলোচনা হয়।
এতে চলচ্চিত্র সংগ্রহ, সংরক্ষণ, চলচ্চিত্র সরবরাহ ও ব্যবহার, চলচ্চিত্রের কপি এবং বাণিজ্যিক ব্যবহার, লাইব্রেরি ব্যবস্থাপনা ও ব্যবহার, প্রকাশনা, গবেষণা ও প্রশিক্ষণ, আর্কাইভের অবকাঠামো ও সেবা দেওয়ার প্রসঙ্গ উঠে আসে।
সভায় তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ-আল-শাকুর আহমেদ, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাহাঙ্গির হোসেন, অভিনেতা রাজ্জাক, অভিনেত্রী সুজাতা আজিম, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি গাজী মাযহারুল আনোয়ার, সৈয়দ হাসান ইমাম ও চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৭২৮ ঘ.
bdnews24