রাঙামাটি, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে তিন পার্বত্য জেলায় সংরক্ষিত নারী আসন বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার রাঙামাটিতে চতুর্থ পার্বত্য নারী সম্মেলনে বক্তারা এ দাবি জানান।
এছাড়া পার্বত্য জেলা পরিষদগুলোতে নারী সদস্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসন শতকরা ৩৩ ভাগে উন্নীত এবং সিডও ও নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের উদ্যোগে ও খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির সহযোগিতায় এ সম্মেলন হয়।
সম্মেলন উদ্বোধন করেন চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়।
নারী নেত্রী শেফালী ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনতি চাকমা, উমেসিং মারমা, নারী নেত্রী টুকু তালুকদার, ধনাই প্র" নেলী, এঞ্জেলা দেওয়ান, চন্দ্রা রায়, কাকলী খীসা ও সুস্মিতা চাকমা প্রমুখ।
সম্মেলনে তিন পার্বত্য জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রায় দেড় শতাধিক নারী নেতৃবৃন্দ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২২২০ ঘ.
bdnews24