২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে হার্ট ফাউন্ডেশনে রোগীর মৃত্যুতে মামলা

রাজধানীর মীরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় 'অবহেলার' কথিত অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় কয়েকজন চিকিৎসক ও সেবিকার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় 'অবহেলার' কথিত অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় কয়েকজন চিকিৎসক ও সেবিকার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা হলেন- চিকিৎসক অশোক দত্ত, মো. ফরহাদ, নাসির আহমেদ, আরিফ, এবং সেবিকা অলোকা, শিল্পী ও শাহানা। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রোববার রাতে মিরপুর থানায় মামলাটি করেন রোগী কাজী ফৌজিয়া হকের (৪৬) বড় বোন বরিশালের কাউখালি উপজেলার ভাইস চেয়ারমম্যান কাজী রুহিয়া বেগম। মীরপুর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চার চিকিৎসক ও তিন সেবিকার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। রুহিয়া বেগমের ছেলে অভিজিৎ রিয়াজ জানান, গত ১৩ ডিসেম্বর তার খালা ফৌজিয়া হৃদরোগ নিয়ে মীরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। তার অভিযোগ- এরপর নিউমোনিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হলেও চিকিৎসকদের অবহেলার কারণে রোববার রাতে তিনি মারা যান। ফৌজিয়ার ভাগ্নে অভিজিৎ রিয়াজ আরো জানান, হৃদরোগের সমস্যা নিয়ে ডা. অশোক দত্তের পরামর্শে এনজিওগ্রাম করার জন্য গত ১৩ ডিসেম্বর ওই হাসপাতালে ভর্তি হন ফৌজিয়া। চিকিৎসকরা তার শরীরে রক্ত দেওয়ার কথা বললে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপর তিনি ঠাণ্ডা ও কাশিতে আক্রান্ত হন। বারবার অনুরোধ করার পরও চিকিৎসকরা কোনো গুরুত্ব দেননি বলে তিনি অভিযোগ করেন। রিয়াজ বলেন, "শনিবার রাত ১২টার পর তার শ্বাসকষ্ট শুরু হলে ভোর ৬টার দিকে একজন সেবিকা তাকে অক্সিজেন দিয়ে যান। রোববার সকালে অবস্থা আরো খারাপ হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।" রোববার সন্ধ্যায় চিকিৎসকরা জানান, তিনি 'সিরিয়াস নিউমোনিয়া'য় আক্রান্ত ছিলেন। কিন্তু হাসপাতালে বক্ষব্যাধির চিকিৎসক না থাকায় তারা ব্যবস্থা নিতে পারেননি। রাত পৌনে ৯ টার দিকে তার মৃত্যু হয়। রিয়াজের অভিযোগ, ঠাণ্ডা লাগার কথা চিকিৎসকদের বারবার জানানো হলেও তারা বিষয়টি আমলে নেননি, উল্টো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এদিকে চিকিৎসকরা বলছেন, "আমাদের হৃদরোগের বিষয়টি দেখার কথা। অন্য রোগের চিকিৎসা করার কথা নয়।" এ বিষয়ে ওই হাসপাতালের পরিচালক কর্নেল (অব.) শামসুল ইসলামের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার অফিস থেকে বলা হয়, "স্যার অফিসে নেই।" তারা তার মোবাইল ফোন নম্বর দিতেও অস্বীকৃতি জানান। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফৌজিয়ার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমইউএস/২২০৬ ঘ.