ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আসামি বজলুল হুদাসহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের করা অন্য একটি হত্যা মামলার অধিকতর তদন্তের আবেদনের শুনানি হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিন ঠিক করেছেন বিচারক।
সোমবার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আসগর আলী শুনানি গ্রহণ করেন।
রাষ্ট্র ও আসামিপক্ষের তুমুল বাকবিতণ্ডার মধ্যে সোমবার এ শুনানি হয়।
আসামিপক্ষের দাবি- ১৯ বছর আগে দায়ের করা এ মামলায় অধিকতর তদন্তের সুযোগ নেই। বিচার বিলম্বের উদ্দেশ্যেই রাষ্ট্রপক্ষ এ আবেদন করেছে। অন্যদিকে অধিকতর তদন্তে কোনো বাধা নেই বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর জয়নাল আবেদীনের আইনজীবী আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনানির সময় বিচারক বলেছেন, যদি আমি অধিকতর তদন্তের আদেশ দেই তবে কারাগারে থাকা অভিযুক্তকে জামিন দিতে হবে। এছাড়া এ মামলার অন্যতম আসামি বজলুল হুদাকে ছাড়াই মামলার শুনানিগ্রহণ করছে আদালত যা আইনসঙ্গত নয়।"
বঙ্গবন্ধু হত্যা মামলায় বজলুল হুদা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কনডেম্ড সেলে রয়েছেন।
হুদা ও জয়নাল আবেদীনসহ এই মামলার ২৩ জনের বিরুদ্ধে একই ঘটনায় দায়ের করা আরেকটি অস্ত্র মামলা ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।
অভিযুক্তদের মধ্যে জয়নাল আবেদীন ইসলামী আন্দোলনের তৎকালীন আমির ছিলেন।
মামলার এজাহার ও অভিযোগপত্রের সত্যায়িত কপি থেকে জানা গেছে, ১৯৯০ সালের ১১ ফেব্র"য়ারি সন্ধ্যায় ময়মনসিংহ শহরের পূরবী সিনেমার কাছে ফ্রিডম পার্টির কার্যালয়ের সামনে অভিযুক্তরা একটি চায়ের দোকানে আগ্নেয়াস্ত্রসহ আসেন। এ সময় তাদের দেখার জন্য মানুষ ভিড় করলে জয়নাল আবেদীন উত্তেজিত হয়ে গুলি চালানোর নির্দেশ দেন। গুলিতে হারুন নামে এক পথচারি মারা যান।
পরে হারুনের ভাই মোশারফ হোসেন বাবলু অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এস এম রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত জয়নালসহ কয়েকজনের কাছ থেকে সেসময় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।
সে বছরই ১০ জুলাই ময়মনসিংহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল আলম চৌধুরী ময়মনসিংহ জেলা হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে হত্যা মামলাটি ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতে আসে। একই সঙ্গে একটি অস্ত্র মামলা হয়।
হত্যা মামলাটি দীর্ঘদিন হাইকোর্টে স্থগিত থাকার পর গুরুত্বপূর্ণ মামলা হিসেবে দুই মাস আগে দ্রুত নিষ্পত্তির জন্য ময়মনসিংহের আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়। একইসঙ্গে অস্ত্র মামলাটি ঢাকার অন্য একটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় গুরুত্বপূর্ণ মামলা হিসেবে।
হত্যা মামলার বিচারিক আদালত ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম বেনু মামলার কোনো তথ্য সরবরাহ করতে রাজি না হলেও তিনি বলেছেন, "এ মামলায় ময়মনসিংহ আদালতে কোনো সাক্ষ্য এ পর্যন্ত নেওয়া হয়নি। অভিযুক্তদের নাম-ঠিকানা যাচাই না করেই অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।"
সুষ্ঠু বিচারের স্বার্থেই মামলাটিতে অধিকতর তদন্ত দরকার বলে মন্তব্য করেন তিনি।
এদিকে অনুসন্ধানে জানা গেছে, অস্ত্র মামলাটিতে ময়মনসিংহের আদালতে রাষ্ট্রপক্ষে মোট আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।
দুই মামলারই নথিপত্রে বজলুল হুদাকে ফ্রিডম পার্টির ভাইস-চেয়ারম্যান বলে উলে
bdnews24