২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২৫ শ্রমিকের বিরুদ্ধে মামলা

বিক্ষোভ, ভাংচুর ও চুরির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর একটি তৈরি পোশাক কারখানার ২৫ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

গাজীপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভ, ভাংচুর ও চুরির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর একটি তৈরি পোশাক কারখানার ২৫ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। উপজেলার পূর্বচান্দরার 'এপেক্স উইভিং এন্ড ফিনিসিং মিলস লিমিটেড'র সহকারী মহা ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুস ছালাম শনিবার রাতে কালিয়াকৈর থানায় মামলাটি করেন। আসামিদের মধ্যে রয়েছেন- জাহিদুল ইসলাম, সোহেল রানা, গোলাম রসুল, জুয়েল, হায়মুদ্দিন, বুলবুলি বেগম, আক্তার হোসেন, আতাহার আলী, নিজাম উদ্দিন, মোক্তার শেখ, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, কাঞ্চন মিয়া ও আকবর আলী। মামলা করার প্রতিবাদে এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন বলেন, কারখানার ভেতর অনধিকার প্রবেশ করে পাঁচ লাখ টাকার জিনিসপত্র ভাংচুর এবং তিন লাখ ৬২ হাজার টাকার আসবাবপত্র চুরি করে নিয়ে যায় বলে শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। মামলার বাদী আব্দুস ছালাম বলেন, দু'দিনের ওভারটাইমের পাওনাকে কেন্দ্র গত মঙ্গলবার দুই শ্রমিক আকবর আলী ও বুলবুলি এক কর্মকর্তাকে লাঞ্ছিত এবং কারখানায় ভাংচুর ও মালমাল চুরি করে। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ওই দুই শ্রমিককে কারণ দর্শানো নোটিশ দিয়ে সাময়িকভাবে বরখাস্ত করে। এর প্রতিবাদে শুক্র ও শনিবার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করলে শনিবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৮ ঘ.