ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে পাঁচ দিনব্যাপী বেসিস সফটএক্সপো ২০১০।
রোববার সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
তথ্য ও প্রযুক্তি খাতের স্থানীয় সফটওয়্যার ব্যবসায়ী ও আইসিটি কোম্পানি এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে এক মঞ্চে নিয়ে আসতে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়।
সফটওয়্যার মেলায় আইটি সংশ্লিষ্ট চাকরি মেলা, সেমিনার, বিদেশি ও দেশি কোম্পানির প্রতিনিধিদের মধ্যে সমন্বয়ে আলোচনা সভারও আয়োজন করা হবে।
এবারের সফটএক্সপোতে দেশি-বিদেশি দুইশ'র বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে আয়োজকরা আশা করছেন।
বেসিস-র পরিচালক এমএ মুবিন খান ব্রিফিংয়ে জানান, এ বছর মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- 'ডিজিটাল বাংলাদেশ ইন অ্যাকশন'।
বেসিস কর্মকর্তারা বলেন, চলতি ২০০৮-০৯ অর্থ বছরে আইটি খাতে রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়েছে। গত বছর এ খাত থেকে রপ্তানি আয় আড়াই কোটি ডলার হলেও এবার এসেছে তিন কোটি ডলারের বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০০৭-০৮ অর্থ বছরে আইটি খাতে রপ্তানি আয় অর্জিত হয়েছিল ২৪ দশমিক ৯ মিলিয়ন ডলার। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৯১ মিলিয়ন ডলার।
ব্রিফিংয়ে বেসিস সভাপতি হাবিবুল্লাহ এন করিম বলেন, আইটি খাতে অর্জিত রপ্তানি আয়ের বেশিরভাগই এসেছে সফটওয়্যার উন্নয়ন ও আইটি সংশ্লিষ্ট সেবা থেকে।
তবে মোট আয়ের তুলনায় সফটওয়্যার খাত থেকে আসা রপ্তানি আয়ের পরিমাণ খুবই নগণ্য বলেও উল্লেখ করেন তিনি।
বেসিস সভাপতি জানান, চলতি অর্থ বছরে বাণিজ্য মন্ত্রণালয় এ খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৩৮ মিলিয়ন নির্ধারণ করেছে।
আইটি খাতে বিনিয়োগে অনুৎসাহ এ খাতের প্রবৃদ্ধির পথে প্রধান অন্তরায় মন্তব্য করে করিম বলেন, "বড় মাপের স্থানীয় বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগের ব্যাপারে এখনো অনুৎসাহী।"
তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয়। একটি ডিজিটাল দেশে বাংলাদেশকে রূপান্তর করতে পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে।"
তবে বাংলাদেশের পণ্যের মধ্যে বৈচিত্র খুবই কম বলে মন্তব্য করেন মুবিন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক ও জাপানসহ বিশ্বের অন্তত ৩০টি দেশে বাংলাদেশের আইটি খাত থেকে বিভিন্ন পণ্য রপ্তানি করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২০০৬ঘ.
bdnews24