ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এবং পল্লবীতে রোববার তিন ঘন্টার ব্যবধানে সস্ত্রাসীরা গুলি করে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
এই ঘটনায় গুলিবিদ্ধ দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ি বিবিরবাগিচা এলাকায় মুদি দোকান কর্মচারি ঝোটন সরকারকে (২৪) পেটে এবং হাতে গুলি করে সন্ত্রাসীরা প্রায় সাড়ে ৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।
যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শফিকুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীর কর্মচারি ঝোটন সরকার যাত্রাবাড়ি এনসিসি ব্যাংক থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা তুলে বিবিরবাগিচা এলাকার দোকানে যাচ্ছিলেন। এক নম্বর গেটে পৌঁছা মাত্র কয়েকজন সন্ত্রাসী মোটর সাইকেলে করে এসে তার পেটে দু'রাউন্ড এবং ডান হাতে এক রাউন্ড গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এর প্রায় তিন ঘন্টা পর বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় সস্ত্রাসীরা গুলি করে আলী আকবর নামে মিল্কভিটার এক এজেন্টের কর্মচারিকে গুলি করে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিল্কভিটার এজেন্ট আমানুল্লা এবং তার কর্মচারি ও ফুপাতো ভাই আলী আকবর (৩৫) বাজারের ব্যাগে করে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য মিরপুর ৬ নম্বর সেকশনের অফিস থেকে বের হন।
তারা হাসান কমিশনারের বাসার সামনে এসে পৌঁছলে মোটর সাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা আলী আকবরের ডানপায়ে গুলি করে তার কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে যায় বলে জানান ওসি।
পরে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ দু'টি ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৯৫৮ ঘ.
bdnews24