২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঘুষ' নেওয়ার অভিযোগ ভিত্তিহীন: জ্বালানি উপদেষ্টা

একটি সংবাদপত্রে প্রকাশিত 'ঘুষ' নেওয়ার কথিত অভিযোগকে 'ভিত্তিহীন' বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি সংবাদপত্রে প্রকাশিত 'ঘুষ' নেওয়ার কথিত অভিযোগকে 'ভিত্তিহীন' বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।" সম্প্রতি দৈনিক 'আমার দেশ' পত্রিকায় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অংকের 'ঘুষ' নেওয়ার কথিত অভিযোগ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ সম্পর্কে বলেন, "যারা ওই সংবাদটি প্রকাশ করেছেন তাদেরই এর সত্যতা প্রমাণ করতে হবে। তা না হলে আদালত রয়েছে, সেখানে তাদের সঙ্গে দেখা হবে। কারণ, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ কোনো সংবাদপত্রে প্রকাশ হওয়া গর্হিত কাজ।" জ্বালানি উপদেষ্টা আরো বলেন, "অক্টোবর মাসে জ্বালানি বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ডালাসে গিয়েছিলাম। সেখানে জয়ের সঙ্গে দেখা বা কোনো কথা হয়নি। যেদিন ওই দুই মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার কথা বলা হয়েছে, সেদিন আমি বিমানে ছিলাম।" সংবাদ সম্মেলনে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গত ১৫ ও ১৬ ডিসেম্বর লন্ডনে আয়োজিত 'রোড শো'র বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। উপদেষ্টা বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আয়োজিত ওই রোড শোতে ৭৮টি প্রতিষ্ঠান যোগ দেয়। এর মধ্যে ২২টি অনাবাসী বাংলাদেশীদের এবং বাকী ৫৬টি বিদেশী প্রতিষ্ঠান। এদের মধ্যে ৩০টি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরো জানান, এতে সরকারের মোট পরিকল্পনার সাত হাজার মেগাওয়াটের মধ্যে তিন হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে দুই হাজার ৬০০ মেগাওয়াট কয়লা চালিত এবং এক হাজার ৩০০ মেগাওয়াট গ্যাস চালিত। এর জন্য প্রায় পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। এ পরিকল্পনা বাস্তবায়নে আগামী জানুয়ারি মাস থেকেই প্রাক-যোগ্যতা যাচাইয়ের দরপত্র আহ্বান করা হবে। জুন মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন ও পিডিবি'র চেয়ারম্যান আলমগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৯০০ ঘ.