নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে গোয়ন্দা পুলিশ (ডিবি) তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লার মাসদাইর এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাঈনুর রহমান বলেন, শাহীন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গত বিএনপি-জামাত জোট সরকারের সময় জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকারের ছোট ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
শাহীনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ ৭/৮টি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। জেলা গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.
bdnews24