ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার যুদ্ধাপরাধের বিচারের যুক্তি ও স্বচ্ছতার বিষয়টি আন্তর্জাতিক সমপ্রদায়কে অবহিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
'যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বন্ধে পাকিস্তান চেষ্টা করছে'- সংবাদপত্রে প্রকাশিত এমন খবরের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন।
মিজারুল বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার প্রচেষ্টা বন্ধে তারা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এমন কোনো কিছু বলেনি।"
গত ৭ জুন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ খলিল বলেছিলেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটাতে পারে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তির মধ্যে যুদ্ধাপরাধের বিচার কারার বিষয়টি ছিল অন্যতম।
ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারে গত ২৯ জানুয়ারি সংসদে একটি প্রস্তাবও গৃহীত হয়েছে।
পররাষ্ট্র সচিব আরো বলেন, "স্বচ্ছতার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার করতে সরকার জাতিসংঘের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে।"
"শুধু পাকিস্তান নয়, জাতিসংঘভুক্ত যেকোনো দেশের কাছে আমরা মন্ত্রণালয়, দূতাবাস, সুশীল সমাজ ও মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে আমাদের কথা তুলে ধরবো", বলেন মিজারুল কায়েস।
দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে সরকারের প্রচেষ্টার বিষয়টি সবার কাছে তুলে ধরে আসছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরবসহ অনেকদেশই বাংলাদেশকে সমর্থন দেয়নি। বরং ওইসব দেশ সে সময় পাকিস্তানী হানাদারদের হামলাকে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছিল।
তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ বিষয়টিকে 'অভ্যন্তরীণ বিষয়' হিসেবে অভিহিত করছে। তবে এ বিচার যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে হয় তা নিশ্চিত করার তাগিদও দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২০৫৯ঘ.
bdnews24