২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে দুর্ঘটনায় যুবক নিহত; বাসে আগুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পর জনতা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 04:32 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পর জনতা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ওই সময় প্রায় এক ঘণ্টা রোকেয়া সরণীতে গাড়ি চলাচল বন্ধ ছিলো। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে শেওড়াপাড়া ওভার ব্রিজের নিচে মিনিবাসের ধাক্কায় নিহত হন আব্দুল করিম (৩০) নামে একজন। ওই সময় জনতা মিনিবাসটি আটকে এতে আগুন দেয় এবং চালককে মারধর করে। ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল সৈয়দ জামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "করিম ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় সদরঘাটগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।" প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পরপরই জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। চালককে আটক করে ব্যাপক মারধর করে রাস্তায় শুইয়ে রাখে। ওই সময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। নিহত করিমের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায়। তিনি ফাইয়া অ্যাপারেলস নামে এক গার্মেন্টসে পিয়নের কাজ করতেন বলে কাফরুল থানার ওসি দেলোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, গণপিটুনির শিকার বাসচালকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালকের পরিচয় পাওয়া যায়নি। সকাল সাড়ে ৮টা থেকে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক বলে ওসি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১০২৫ ঘ.