২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বন্দ্ব নিরসনে আইন মন্ত্রণালয়ে দুটি বিভাগ গঠনের প্রস্তাব

বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের কর্মকর্তাদের মধ্যে 'বিরাজমান দ্বন্দ্বের' অবসানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে দুটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের কর্মকর্তাদের মধ্যে 'বিরাজমান দ্বন্দ্বের' অবসানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে দুটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। বর্তমানে এ মন্ত্রণালয়ে আইনী খসড়া প্রণয়ন ও বিচার বিষয়ক দু'টি পৃথক শাখা রয়েছে। দু'জন অতিরিক্ত সচিব শাখা দুটিতে দায়িত্ব পালন করেন। মন্ত্রী বলেন, "এ দু'টি শাখাকে পৃথক বিভাগ হিসেবে ভাগ করা যেতে পারে। এতে তাদের দ্বন্দ্বের অবসান হবে। কারণ এতে পৃথকভাবে দু'জন সচিব থাকতে পারবেন।" তবে পৃথক বিভাগ করার মাধ্যমেই পুরোপুরি সমস্যার সমাধান সম্ভব নয় বলেও অভিমত দেন তিনি। শফিক আহমেদের মতে, "দ্বন্দ্ব নিরসনে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।" আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ ঘোষণা করে আদালতের দেওয়া রায় বহাল রাখার আদেশের পর মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে জানতে চাইলে শফিক আহমেদ এ প্রস্তাবের কথা বলেন। ওই রায়ের বিষয়ে তিনি বলেন, "রায়ের কপি হাতে পাওয়ার আগে মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে না।" কাজী হাবিবুল আওয়ালের সচিবের দায়িত্ব পালনের বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না জানিয়ে মন্ত্রী আরো বলেন, "সচিব নিয়োগ মন্ত্রণালয় করে না, করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনের বিষয়ে সচিব ও তার আইনজীবী সিদ্ধান্ত নেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২২৫২ঘ.