রাঙামাটি, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়নে এ অঞ্চলের ঐতিহ্যবাহী নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকা প্রায়েজন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহযোগিতায় ঐতিহ্যবাহী পাহাড়ী নেতৃত্ব আরো বিকশিত ও উন্নয়নে সরকার কাজ শুরু করতে যাচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাঙামাটির চাকমা রাজবাড়ীর মাল্টিপারপাস কউিনিটি সেন্টারে চাকমা সার্কেল ও রাঙামাটি হেডম্যান কল্যাণ সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
হেডম্যানদের ভাতা বাড়ানোর একটি প্রস্তাব সরকারের বিবেচনাধীন আছে জানিয়ে দীপংকর বলেন, ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলের শাসন ব্যবস্থায় সার্কেল চিফ ও হেডম্যান-কারবারীরা যে প্রত্যক্ষ ভূমিকা রেখে আসছেন তার প্রতি বর্তমান সরকারের গভীর আস্থা রয়েছে।
ইউএনডিপির সিএইচডিপি প্রকল্পের অধীনে শিগগিরই তিন পার্বত্য জেলা সার্কেল প্রধানদের একটি করে জিপ গাড়ি, হেডম্যানদের মোটরসাইকেল এবং মৌজা হেডম্যানদের জন্য একটি করে কার্যালয় স্থাপন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে ভূমি কমিশন আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার কাজ চলছে।
অবৈধ অস্ত্রের অস্তিত্ব না থাকা পার্বত্যঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত উল্লেখ করে এ জন্য স্থানীয় নেতৃত্বের সহযোগিতা চান দীপংকর।
চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হেডম্যন চিংকিউ রোয়াজা এবং জেলা পরিষদ সদস্য অংশি প্র" চৌধুরী বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24