ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চলতি মাসেই কেরানিগঞ্জের চাঞ্চল্যকর স্কুলছাত্রী অনামিকা ঘোষ হত্যা মামলার রায় ঘোষণা করা হতে পারে।
আগামী ২১ ডিসেম্বর এ মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ ধার্য করেছে আদালত।
বৃহষ্পতিবার বিকেলে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো: রেজাউল ইসলাম রাষ্ট্রপক্ষে ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ দিন ধার্য করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর এস.এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মাসেই রায় ঘোষণা করা হতে পারে।
বৃহষ্পতিবার বিচারক অভিযুক্তদের তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের মূল বক্তব্য পড়ে শোনালে তারা প্রত্যেকে নিজেদের নির্দোষ দাবি করে।
অভিযুক্তরা হলো মো: মানিক, জনি ঘোষ, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম মুন্সী ও মো: আলাউদ্দিন। তারা প্রত্যেকেই কারাগারে রয়েছে।
ঢাকার কেরানিগঞ্জের বামনসূর প্যাসিফিক কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী অনামিকা ঘোষকে (৯) গত ২৬ ফেব্র"য়ারি স্কুল থেকে ফেরার পথে স্থানীয় দুর্বৃত্তরা অপহরণ করে। পরে তারা শিশুটির বাবা ব্যবসায়ী সুধারাম ঘোষের কাছে ফোনে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বিভিন্ন মাধ্যমে দরকষাকষির পর ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিলেও জীবন রক্ষা হয়নি অনামিকার।
১ মার্চ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে এক ধান ক্ষেত থেকে অনামিকার লাশ উদ্ধার করে পুলিশ। মামলার নথিপত্র থেকে জানা যায়, অপহরণকারীদের মধ্যে কাউকে কাউকে চিনে ফেলাই অনামিকার কাল হয়ে দাঁড়ায়।
অভিযুক্তদের গ্রেপ্তারের খবর পেয়ে একজন কথিত অপহরণকারী অনামিকাদের প্রতিবেশী নারায়ণ মোদক আত্মহত্যা করলে ওই এলাকা ও প্রচার মাধ্যমে ব্যাপক আলোড়ন উঠেছিল।
অপহরণের দিনই অনামিকার বাবা বাদি হয়ে কেরানিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পাঁচ অভিযুক্তই নিজেদের অনামিকার হত্যাকারী স্বীকার করে হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর এস.এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মাসেই এ মামলাটির রায় ঘোষণা করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১২৮ঘ.
bdnews24