ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেগুনবাগিচায় বৃহস্পতিবার নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে এক শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছে।
গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ২১/৫ তোপখানা রোডের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। এসময় পাশে থাকা হেলাল (৯), নাজমা আকতার (৭), রিপ্তা (৮) ও ফারুক (২২) দেয়ালের নিচে চাপা পড়েন।
স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে রিপ্তা মারা যায়।
ওসি জানান, একটি বহুতল ভবনের কাজ চলার সময় দেয়ালটি ধসে পড়ে। এখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা হচ্ছিল কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৯৪৫ঘ.
bdnews24