২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নির্মাণ ত্রুটি ও অতিরিক্ত যাত্রী বহনই দায়ী'

ভোলায় কোকো-৪ লঞ্চ দুর্ঘটনার জন্য নৌযানটির নির্মাণ ত্রুটি এবং অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 07:57 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় কোকো-৪ লঞ্চ দুর্ঘটনার জন্য নৌযানটির নির্মাণ ত্রুটি এবং অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বৃহস্পতিবার মন্ত্রণালয় প্রতিবেদনটি প্রকাশ করেছে। মিঠামইনে যাত্রীবাহী নৌকাডুবির তদন্তে বলা হয়েছে, কুয়াশার জন্য বাড়তি সতর্কতা না নেওয়া ওই দুর্ঘটনার কারণ। দুটি তদন্ত কমিটি নৌ দুর্ঘটনা এড়াতে ৩১টি সুপারিশ করেছে জানিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সুপারিশ বাস্তবায়নে নৌ সচিব আব্দুল মান্নান হাওলাদারের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঈদের একদিন আগে গত ২৭ নভেম্বর ভোলার লালমোহনে কোকো লঞ্চ দুর্ঘটনায় ৮৫ জন নিহত হয়। এর এক সপ্তাহের মধ্যে কিশোরগঞ্জের মিঠামইনে নৌকা (এমভি আল হেলাল) ডুবে প্রায় অর্ধশত যাত্রী মারা যায়। সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাজাহান খান দুটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। কোকো-৪ দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, লঞ্চটি ২০০৭ সালের আইন লঙ্ঘন করে তৈরি করা হয়েছিলো। এটি তিন তলা বিশিষ্ট হলেও এর মূল দৈর্ঘ্য ছিল ৪৪ মিটার। আইন অনুযায়ী, ৫০ মিটারের নিচে দৈর্ঘ্যরে কোনো লঞ্চ তিন তলা করা যাবে না। এছাড়া লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহন, মাঝপথে অন্য নৌ-যান থেকে যাত্রী তোলা, লালমোহনে পৌঁছার পর মূল ঘাটে লঞ্চ না ভিড়িয়ে কিছু দূরে যাত্রীদের টিকেট পরীক্ষা করা এবং সংশ্লিষ্টদের অমানবিক আচরণের কারণে দুর্ঘটনায় এত প্রাণহানি ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। কোকো লঞ্চ দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি সাতটি সুনির্দিষ্ট কারণ এবং ১৯টি সুপারিশ করেছে। সুপারিশে দুর্ঘটনার জন্য দোষী মাস্টার, পরিদর্শক, চালক, সুকানি ও কেরানীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, বিআইডব্লিউটিএ'র ট্রাফিক পরিদর্শক, বার্দিং সারেং এবং মাস্টারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে লঞ্চ ছাড়ার জন্য ব্যবস্থা, নৌ-যান থেকে নামার সময় টিকেট পরীক্ষা না করা, উদ্ধারকারী জাহাজ সংগ্রহ প্রক্রিয়া ত্বরান্বিত করা ও জাহাজ নির্মাণের ক্ষেত্রে বিধান অনুসরণে বাধ্য করার সুপারিশ করা হয়েছে। মিঠামইনের দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি দুটি কারণ ও ১২টি সুপারিশ করেছে। অতিরিক্ত যাত্রী বহন এবং মাস্টারের অসতর্কতা ও কুয়াশার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়াকে ওই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তদন্ত কমিটি দুর্ঘটনা এড়াতে অদক্ষ চালক দিয়ে লঞ্চ চালনার জন্য মালিক, সারেং, ইঞ্জিন রুমের কর্মী এবং মাস্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, হাওর এলাকায় বিআইডব্লিউটিএ'র অফিস স্থাপন, যাত্রী পরিবহনে নিয়োজিত লঞ্চগুলোর ফিটনেস সনদ ও তালিকা প্রতি ছয় মাস অন্তর ইউএনও অফিসে পাঠানো এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের অধীনে ইন্সপেক্টরেট অব ইনল্যান্ড শিপস কার্যালয়ের লোকবল বাড়ানোর সুপারিশ করেছে। সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত কমিটির পরামর্শে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। তবে এর আগে কমিটি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে বলে নৌমন্ত্রী জানান। সংবাদ সম্মেলনে নৌসচিব আব্দুল মান্নান হাওলাদার জানান, দুর্ঘটনায় নিহতের দাফনের জন্য পরিবারকে ইতিমধ্যেই তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ভোলার লালমোহনে নিহতের প্রতি পরিবারকে ৩০ হাজার টাকা করে অনুদান দেবেন মন্ত্রী। যে পরিবারের একাধিক সদস্য মারা গেছে, তারা পাবেন ৪৫ হাজার টাকা করে। এছাড়াও শাজাহান খান তার বাবার নামে গড়া একটি প্রতিষ্ঠান থেকে নিহতদের পরিবারকে তিন লাখ টাকা দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রতিবেদন প্রকাশের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া, সমুদ্র পরিবহন অধিদপ্তরে মহাপরিচালক বজলুর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আলাউদ্দিন, কোকো তদন্ত কমিটির প্রধান জয়ন্ত কুমার নন্দী এবং মিঠামইন তদন্ত কমিটির প্রধান আব্দুল কুদ্দুস খান। কোকো দুর্ঘটনার জন্য লঞ্চটির মালিকদের দায়ী করে সমুদ্র পরিবহন অধিদপ্তর একটি মামলা ইতিমধ্যে করেছে। এছাড়া লঞ্চের বেঁচে যাওয়া এক যাত্রীও আরেকটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪৫ ঘ.