ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহসহ বড় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সুপারিশ করে সরকারের কাছে নতুন সীমান্তরক্ষী বাহিনী আইনের খসড়া জমা দিয়েছে বিডিআর।
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে 'বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০০৯' -এর খসড়া জমা দেন।
রক্তক্ষয়ী বিদ্রোহের পর বিডিআর এর সংস্কার উদ্যোগের অংশ হিসাবে এর নাম বদল করে 'বর্ডার গার্ড বাংলাদেশ' রাখার প্রস্তাব করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন আইনের খসড়ায় বিদ্রোহসহ বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম 'নিজে না দেখে' বিষয়টি নিশ্চিত না করতে না চাইলেও 'সর্বোচ্চ শাস্তির' সুপারিশ করা হতে পারে বলেই জানিয়েছেন।
আইনের খসড়া পাওয়ার কথা নিশ্চিত করে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিডিআর প্রধান বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০০৯-এর খসড়া হস্তান্তর করেছেন। আইনটির বিভিন্ন দিক পর্যালোচনা এবং যাচাই-বাছাই করে এ ব্যাপারে আইন মন্ত্রণালয় মতামত দেবে।"
তিনি বলেন, "বিদ্রোহসহ অভ্যন্তরীণ বিভিন্ন অপরাধের জন্য বিডিআর আইনে সর্বোচ্চ সাত বছরের শাস্তির বিধান রয়েছে। এতে বিডিআর কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়। তাই নতুন আইনে এ শাস্তি বাড়ানোর কথা বলা হয়েছে।"
শাস্তি বাড়িয়ে কত বছর করার প্রস্তাব করা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "এটা এখনো দেখিনি। দেখে বলা যাবে। তবে তারা বিদ্রোহসহ বড় ধরণের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার প্রস্তাব করতে পারে।"
বিডিআরের মহাপরিচালক মইনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোন কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৮২৫ঘ.
bdnews24