নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
এ সময় মৃতের আত্মীয়-স্বজন কর্তব্যরত চিকিৎসক ও ওয়ার্ডবয়কে মারধর করে।
এর প্রতিবাদে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কাজ বন্ধ করে দেন।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পাঁচ ঘণ্টা পর তারা কাজে ফেরেন।
জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. ইয়াকুব আলী বলেন, সকাল ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত শহরের মাসদাইর এলাকার মোফাজ্জল হোসেনকে (৬৫) জরুরি বিভাগে আনা হয়। জরুরি চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স অচল থাকায় বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনার আগেই রোগীর মৃত্যু হয়।
তিনি বলেন, রোগীর মৃত্যুর পর তার আত্মীয়-স্বজন জরুরি বিভাগে ব্যাপক ভাংচুর এবং ডাক্তার, নার্স ও কর্মচারীদের ওপর হামলা চালায়। তাকে (ডা. ইয়াকুব আলী) ও ওয়ার্ড বয় আরিফকে মারধর করে তারা। ভাংচুর করে জরুরি বিভাগের বিভিন্ন আসবাবপত্র।
এ ঘটনার পর থেকে ডাক্তার, নার্স, কর্মচারীরা কাজ বন্ধ রাখেন। পরে সিভিল সার্জনের আশ্বাসের প্রেক্ষিতে সকাল ১১টায় আবার কাজ শুরু করেন।
ঘটনার পরপরই জেলা প্রশাসক (ডিসি) মো. সামছুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বিশ্বাস আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ডিসি ও এসপি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. শাহ্ নেওয়াজ চৌধুরী বলেন, চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল না।
সিভিল সার্জন মতিয়ার রহমান বলেন, এ রকম ঘটনা অনভিপ্রেত। প্রশাসন ও পুলিশ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮০৮ ঘ.
bdnews24