ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেছে চট্টগ্রাম, খুলনাসহ সারা দেশের মানুষ।
১৯৭১ সালে পাকিস্তানি হানদারদের বিরুদ্ধে নয়মাসের মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের আগে এই দিনে দখলদার ও তাদের এ দেশীয় দোসররা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।
দিবসটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের হত্যার বিচার দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম অফিস ও জেলা প্রতিনিধির পাঠানো সংবাদ-
চট্টগ্রাম: বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ পৃথক কর্মসূচির আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অবিলম্বে বুদ্ধিজীবী হত্যার বিচার শুরুর দাবি জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক কাজী ইনামূল হক দানু, সহ-সভাপতি সুনীল সরকার, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ।
এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর আসর, আওয়ামী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ পৃথক আলোচনা সভার আয়োজন করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনও ক্যাম্পাসে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শোকর্যালি।
সভায় যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত শুরু করার আহবান জানানো হয়।
এতে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল হোসাইন, সাধারণ সম্পাদক ড. কামরুল হুদা প্রমুখ।
খুলনা: খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক। বক্তৃতা করেন- আজমল আহমেদ তপন, এমডি এ বাবুল রানা প্রমুখ।
খুলনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় ক্লাবের সভাপতি এ কে হিরনের সভাপতিত্ব বক্তব্য রাখেন- মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, মল্লিক শুধাংশু প্রমুখ।
খুলনা সাংবাদিক ইউনিয়নও পৃথক আলোচনা সভার আয়োজন করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, লেখক-বুদ্ধিজীবীদের পকেটে পিস্তল থাকে না, তাদের শরীরে কোন শক্তি নেই। তারা নিজ থেকে কাউকে আক্রমন করেন না। যদি করেন তবে তা খুবই ভয়ঙ্কর। বিশ্বজগত এবং ভাবনার জগতের সঙ্গে তাদের বসবাস। আর এই বিশ্বজগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হল কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- উপ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ, সাবেক উপ-উপাচার্য ড. ওয়াজেদ আলী ও হল প্রাধ্যক্ষ ড. মর্ত্তুজা খালেদ।
সভাশেষে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে রাবির শহীদ শামসুজ্জোহা হলে তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন।
এ ছাড়া রাবি প্রশাসন, প্রগতিশীল শিক্ষক সমাজ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বুদ্ধিজীবী দিবসে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: কালো ব্যাজ ধারণ, উন্মুক্ত ব্যানারে গণস্বাক্ষর সংগ্রহ, সেমিনার, আলোক মিছিল, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনটি পালন করে।
এ উপলক্ষে মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুশান্ত কুমার দাসকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মিনি অডিটরিয়ামে '৭১ এর গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের প্রাসঙ্গিকতা' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস।
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. ইয়াসমিন হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, আশরাফুল আলম ও ফারজানা সিদ্দিকা।
যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে সন্ধ্যায় ক্যাম্পাসে আলোক মিছিল করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, বরগুনা, নীলফামারী ও নারায়ণগঞ্জে কর্মসূচি পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24