২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি ফেরি ১০ ঘণ্টা বন্ধ

ঘন কুয়াশায় গত কযেকদিনের মত সোমবারও চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী লঞ্চ, স্টিমার ও ফেরি চলাচল ব্যাহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশায় গত কযেকদিনের মত সোমবারও চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী লঞ্চ, স্টিমার ও ফেরি চলাচল ব্যাহত হয়। কাওড়াকান্দি-মাওয়া নৌ পথে ফেরিসহ সকল নৌযান চলাচল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নয় ঘণ্টা বন্ধ ছিল। এ সময় পদ্মাবক্ষে আটকা পড়ে ছয়টি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি উভয় ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। আবহাওয়ার দপ্তর জানায়, আরো অন্তত পাঁচদিন ঘন কুয়াশা থাকতে পারে। সাগরের নিুচাপটি দুর্বল হয়ে গেলে ধীরে ধীরে কুয়াশা কেটে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: কুয়াশায় স্টিমারসহ ১৫টি লঞ্চ মেঘনায় আটকা পড়ে। এ কারণে নির্দিষ্ট সময়ের ৭/৮ ঘন্টা পর এসব নৌ-যান চাঁদপুর লঞ্চ ঘাটে ভেড়ে। খুলনা থেকে ছেড়ে আসা স্টিমার অস্ট্রিচ চাঁদপুরের হরিনাঘাট এলাকায় দীর্ঘক্ষণ নোঙর করে ছিল। এছাড়া চাঁদপুর-শরীয়তপুর রুটে রাতে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে চট্টগ্রাম থেকে খুলনাগামী বাসযাত্রীরা। চাঁদপুর-কুমিল্লা রুটে চলাচলকারী গাড়িগুলোকে ভোর বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর বার্দিং সারেং গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনায় কুয়াশার থাকায় সোমবার চাঁদপুরে প্রায় ১৫টি লঞ্চ নির্দিষ্ট সময়ের পরে ঘাটে ভেড়ে। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে চাঁদপুর ঘাট হয়ে ঢাকা এবং চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চগুলোকে ধীরে ধীরে চলতে হয়েছে। পথে কোথাও কোথাও এসব লঞ্চকে আটকে থাকতে হয়। দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মর্নিংসান-১ সোমবার সকাল সাড়ে ৮টায়, কাজল সকাল ৮টা ২০ মিনিটে, জলতরঙ্গ-১ সকাল পৌনে ৮টায়, কোকো-৩ সকাল সোয়া ১০টায়, সাথী সোয়া ১০টায়, পারাবত-১ বেলা ১১টা ৫৫ মিনিটে এবং শ্রীনগর-২ দুপুর ১২টায় চাঁদপুর ঘাটে এসে ভেড়ে। এছাড়া চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী এমভি তুতুল সকাল পৌনে ১০টায় এবং রফরফ ও তাকাওয়াসহ আরো ১৫টি লঞ্চ সোয়া ১০টার আগে পরে চাঁদপুর ঘাটে ভেড়ে। অথচ এসব লঞ্চ গভীর রাত ও ভোরবেলায় চাঁদপুর ঘাটে ভেড়ার কথা ছিল বলে জানান গিয়াসউদ্দিন। চাঁদপুর স্টিমার ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা স্টিমার অস্ট্রিচ চাঁদপুরের হরিনাঘাট এলাকায় রাত ২টায় আটকে পড়ে। বেলা ১১টায় এটি চাঁদপুর স্টিমার ঘাটে এসে ভেড়ার পর সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। হরিনা ফেরি ঘাটের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশায় গত ৩/৪ দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দিনে কুয়াশা কাটার পর ফেরি চলাচল করে। মাদারীপুর: সোমবার রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি ও লঞ্চসহ সকল নৌ যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এ সময় পদ্মাবক্ষে আটকা পড়ে ভাষাশহীদ বরকত, শাহ মখদুম, জিএম যমুনা, টাপলুসহ ছয়টি ফেরি। কাওড়াকান্দি ঘাটের টার্মিনাল সুপারভাইজার নাসির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট ও সার্চিং লাইট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি ছয়টি নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। সকাল ৯ টার পরে কুয়াশা কেটে গেলে ফেরি ও লঞ্চসহ নৌযান চলাচল আবার শুরু হয়। তিনি জানান, ঘনকুয়াশার কারণে এ নিয়ে সপ্তম দিন ফেরি চলাচল বন্ধ থাকায় কাওড়াকান্দি ও মাওয়া ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক ও বাস আটকা পড়ে। লেগে যায় যানজট। নাসির খান বলেন, নদীবক্ষে ফেরি আটকা পড়ায় বাসের যাত্রীরা কনে কনে ঠাণ্ডায় মারাত্মক দুর্ভোগে পড়েন। এছাড়া খাবার ও সুপেয় পানির অভাবে তাদের কষ্ট করতে হয়। শিবচর থানার ওসি আব্দুল জলিল জানান, যানজট নিয়ন্ত্রণে সহায়তার জন্য পাচ্চর হাইওয়ে পুলিশ কাওড়াকান্দি ঘাটে নিয়োজিত ছিল। ঘন কুয়াশার কারণে রোববারও মাওয়া-কাওড়াকান্দি নৌ-পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আগের রাতে একই কারণে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-আরিচা নৌ-পথে ফেরি চলাচল বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.