২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচারে বিলম্ব হলে ফের আন্দোলন'

যুদ্ধাপরাধীদের বিচারে বিলম্ব হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে বিলম্ব হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধন শেষে গণমাধ্যমকে এ কথা জানান ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদ ও মেজর জেনারেল কে এম শফিউল্লাহ (বীরউত্তম)। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম বিকেলে রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। ফোরামের সদস্য ছাড়াও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদ বলেন, "সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। আমরা দেখছি।" সাবেক সেনাপ্রধান কেএম শফিউল্লাহও বলেন, "বাংলাদেশে এ সরকারই যুদ্ধাপরাধীদের বিচার করবে। তাই ক্ষমতায় থাকতেই তাদের বিচার শুরু এবং সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বিচারকাজ শেষ করতে হবে।" মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করবেন বলে কথা দিয়েছেন। আমার বিশ্বাস তিনি কথা রাখবেন।" এছাড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্তসহ সেক্টর কমান্ডারস ফোরামের অন্যান্য নেতারা কর্মসূচিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমইউএস/এইচএ/১৯৫৪ ঘ.