ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ ও গাজীপুরে তিনজন খুন হয়েছেন। ফরিদপুরে উদ্ধার করা হয়েছে একজনের লাশ।
শনিবার রাত ও রোববার সকালে এসব ঘটনা ঘটে।
এর মধ্যে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এক শ্রমিককে। জেলার সোনারগাঁও উপজেলায় খুন করা হয়েছে একজনকে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতির বাজার গ্রামে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এক দলিল লেখককে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: শহরের পশ্চিম দেওভোগ এলাকায় নিহতের নাম- কামরুল (২৮)।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মীর আবু তৌহিদ জানান, কামরুলের বাড়ি শহরের পশ্চিম মাসদাইর এলাকায়। তিনি রড মিস্ত্রির যোগালী হিসেবে কাজ নেন পশ্চিম দেওভোগ এলাকার মহিউদ্দিনের বাড়িতে।
আগের রাতে রড চুরির ঘটনায় রোববার সকালে কামরুলকে পশ্চিম মাসদাইরের বাড়ি থেকে ধরে নিয়ে যায় মহিউদ্দিন ও তার লোকজন। মারধর ও পেটানোর এক পর্যায়ে কামরুল মারা যান।
এএসপি জানান, খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, হত্যাকারীরা পালিয়ে গেছে। কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুন হয়েছেন সোনারগাঁওয়ের ললাটি এলাকার হাবিবুর রহমান।
রোববার দুপুরে পুলিশ বড়ই বাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হাবিবুর রহমান ললাটি এলাকার আহম্মদ আলীর ছেলে।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, হাবিব জমি কেনাবেচার কাজ করতেন। শনিবার রাত ৮টায় বাড়ি থেকে বের হন তিনি। এর পর তার কোন খোঁজ পাওয়া যায়নি।
হাবিবের ছেলে জাহিদুল বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গাজীপুর: শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার ছাতির বাজার গ্রামে খুন হয়েছেন দলিল লেখক লিয়াকত আলী (৩৫)।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘর থেকে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে গেলে বড় ভাই আছমত আলীকেও (৪০) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক জানান লিয়াকত আলীর মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে পূর্ব শত্র"তার জেরে ওই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলার কান্দা গ্রামের বুড়ির খালে উল্টে রাখা একটি নৌকার নিচ থেকে শনিবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।
আলফাডাঙ্গা থানার ওসি উত্তম কুমার সাহা জানান, নিহতের পরনে কোনো পোশাক ছিল না। শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, রোববার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এস আই) মজিবর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24