মেহেরপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
রোববার ভোরে উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের গালার মাঠ থেকে কাপড়ের ব্যাগে লুকানো এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, 'চরমপন্থীরা' এগুলো ফেলে গেছে। এগুলোর সবই শাটার গান। তবে কোনো গুলি পাওয়া যায়নি।
র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, চরমপন্থীরা সশস্ত্র অবস্থায় গোপন বৈঠক করছে- এ সংবাদ পেয়ে তার নেতৃত্বে র্যাব সদস্যরা আড়পাড়া গ্রামের গালার মাঠে অভিযান চালায়।
চরমপন্থীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে চরমপন্থীদের বৈঠকস্থল থেকে এ পাঁচটি শাটার গান উদ্ধার করে গাংনী থানায় হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24