২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চরমপন্থীদের' আত্মসমর্পণের আহ্বান টুকুর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলগুলোতে সক্রিয় 'চরমপন্থীদের' আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

মেহেরপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলগুলোতে সক্রিয় 'চরমপন্থীদের' আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, "রাতের অন্ধকারে অস্ত্র ফেলে, পালিয়ে না বেড়িয়ে আত্মসর্মপণ করে গণতন্ত্র রক্ষা ও দেশ গঠনে অংশ নিন।" রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে ভোরে জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের গালার মাঠ থেকে পাঁচটি শাটার গান উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের ভাষ্য, এসব অস্ত্র 'চরমপন্থীদের'। অভিযানের মুখে অস্ত্র ফেলে তারা পালিয়ে গেছে। গত কয়েক মাসে মেহেরপুর ও কুষ্টিয়া এলাকায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন মারা গেছেন। তারা বিভিন্ন গোপন সংগঠনের সদস্য বলে র‌্যাব-পুলিশ জানায়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তজার্তিক যে কোনো সন্ত্রাসী চক্রের অপতৎপরতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।" সে জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিটি সদস্য, প্রশাসন ও দেশপ্রেমিক প্রতিটি মানুষকে আরো সচেতন ও দায়িত্ববান হওয়ার আহবান জানান। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় মেহেরপুর-১ সদর আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ জয়নাল আবেদীন, মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপিদলীয় সাংসদ আমজাদ হোসেন, পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ হিমায়েত উদ্দিন, মেহেরপুর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ইকবাল হোসেন প্রমুখ। এর আগে মন্ত্রী মুজিবনগরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় তিনি সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.