চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপহরণের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে রোববার সকালে এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের পুরাতন বাজার এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন (৪২), ৭ নম্বর ওয়ার্ড সদস্য হযরত আলী (৩৮) ও চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মহল্লার আমিনুল ইসলাম টিপু (৪৪)।
আমিনুলের বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আলতাফ হোসেনকে (৭০)।
আলতাফের উদ্বৃতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক সাংবাদিকদের জানান, গত মাসে ভিজিএফ-এর বিশেষ বরাদ্দের চাল বিতরণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন অনিয়ম ও দুর্নীতি করেন।
এতে ক্ষুব্ধ হয়ে আলতাফ হোসেনসহ নয় সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে ৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
রোববার ইউএনও'র কার্যালয়ে অভিযোগের শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে যেন আলতাফ উপস্থিত না হতে পারেন সেজন্য তাকে শনিবার বিকেলে শহরের শাহীবাগ রাজমহন সিনেমা হলের সামনে থেকে অপহরণ করা হয়। আটকে রাখা হয় পৌর এলাকার শিবতলার আমিনুলের বাড়িতে।
ওসি জানান, আলতাফের ভাইয়ের অভিযোগের সূত্র ধরে শিবতলায় আমিনুলের বাড়িতে অভিযান চালানো হয়।
তিনি জানান, অপহরণের ঘটনায় আলতাফ বাদি হয়ে সদর থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএসবি/১৭১৪ ঘ.
bdnews24