২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

রাজধানীর মিরপুরে শুক্রবার ভোররাতে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছে। নিহতদের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 06:51 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে শুক্রবার ভোররাতে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছে। নিহতদের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। কাফরুল থানার ওসি দেলোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাত ২টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের গুদারাঘাট বালুরমাঠ এলাকায় প্রতিপক্ষের গুলিতে আমিরুল (২৫) ও শাহেদ (২২) নামে দুজন মারা যান। এ দুজন মিরপুর এলাকার সন্ত্রাসী গোষ্ঠী জব্বার গ্র"পের সদস্য জানিয়ে পুলিশ বলছে, ইব্রাহিম গ্র"পের সদস্যরা তাদের হত্যা করেছে। ওসি বলেন, "ইব্রাহিম গ্র"পের সন্ত্রাসীরা আমিরুল ও সাইদকে গুলি করে হত্যা করে। ধারণা করছি, তাদের অন্য কোনো এলাকা থেকে ধরে আনা হয়েছিল।" আমিরুল ও সাইদ ভাষানটেক বস্তিতে থাকতো। বালুরমাঠ সংলগ্ন বস্তির বাসিন্দা সখিনা বেগম (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে গোলাগুলির শব্দ শুনলেও ভয়ে বের হইনি। ভোরে র‌্যাব ও পুলিশ আসার পর জানতে পারি, দুজনকে হত্যা করা হয়েছে।" নিহতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি করেন তিনি। পুলিশ কর্মকর্তা দেলোয়ার বলেন, নিহত দুজন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে থানায়ও অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছে, নিহত দুজন র‌্যাবের সোর্স হিসাবে কাজ করত। স্থানীয় কয়েক সন্ত্রাসী র‌্যাবের হাতে আটকের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমিরুলের মা মনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, "বৃহস্পতিবার রাতে আমিরুল ভাষানটেকে তার শ্বশুরবাড়িতে ছিলো। সেখান থেকে স্থানীয় সন্ত্রাসী পারভেজ, জামাই শহীদ, নেতা শহীদসহ আরো কয়েকজন তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। "তখনি আমরা র‌্যাব-পুলিশকে খবর দেই। কিন্তু তারা আসার আগেই আমিরুলকে নিয়ে তারা চলে যায়।" শাহেদের মা ফাতেমা বেগম জানান, "শাহেদ রাতে ভাষানটেকের একটি গানের অনুষ্ঠানে ছিলো। সেখান থেকে কয়েকজন তাকে নিয়ে গেছে বলে জানতে পারি। কিন্তু খোজাখুঁজি করে আর পাইনি।" লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এমআই/১৪২০ ঘ.