কক্সবাজার, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলদস্যুদের হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দেয়।
স্মারক লিপিতে তারা অবিলম্বে দস্যুতা বন্ধ, সাগরে নৌ বাহিনীর টহল জোরদার, কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি ও জলদস্যুদের হাতে খুন হওয়া জেলে পরিবারের সদস্যদের পূনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির ব্যানারে দুপুর সাড়ে ১২ থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে ট্রলার মালিকরা ছাড়াও জেলে ও মাছ ব্যবসায়ীরাও যোগ দেন।
মালিক সমিতি দাবি পূরণে প্রশাসনকে সাতদিন সময় দিয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে সমিতি আন্দোলনে যাবে বলে নেতারা ঘোষণা দিয়েছেন।
জেলা ফিশিং বোট মালিক সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় তিন মাস ধরে কক্সবাজার উপকূলে মাছ ধরার ট্রলার ডাকাতি বেড়ে গেছে। জলদস্যুরা ট্রলারের মাছ, ইঞ্জিন ও যন্ত্রাংশ লুট করছে। জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনাও ঘটছে।
তিনি বলেন, মঙ্গলবার বিকালেও সাগরের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। এফবি ছনুয়া নামের ট্রলারটি কুতুবদিয়ার কাছাকাছি এলাকায় দস্যুদের কবলে পড়ে। তারা মাছ ও ট্রলারের যন্ত্রাংশ নিয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র উপকূলে দস্যুরা লুটপাট করে মাছধরা ট্রলার এফবি এন হকের ১৭ জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। এদের মধ্যে ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। ট্রলারটিও পাওয়া যায়নি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিৎ দাশ, জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হাবীব, শহর জাসদ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্মারকলিপি পেয়েছি। দাবির বিষয়টি নৌবাহিনী, কোস্ট গার্ড ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
জলদস্যুদের হাতে খুন হওয়া জেলেদের পুনর্বাসনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের কাছ থেকে আবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24