২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোপুরি স্বাধীন: দুদক প্রধান

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, কমিশনের পূর্ণ স্বাধীনতা রয়েছে, তারা নিরপেক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, কমিশনের পূর্ণ স্বাধীনতা রয়েছে, তারা নিরপেক্ষ। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে তিনি একথা বলেন। মাস দুয়েক আগেই দুর্নীতির বিরুদ্ধে নজরদারী করা সংস্থাটির স্বাধীনতা নিয়ে একেবারে উল্টো মন্তব্য করেছিলেন গোলাম রহমান। দুদক প্রধান বৃহস্পতিবার বলেন, "বর্তমান সরকার ও এর বাইরে যারা আছেন সবাই দুদকের কাছে সমান। এখানে ক্ষমতায় থাকা না থাকা নিয়ে পার্থক্য করা হয়না। কারা 'দুর্নীতিবাজ' এটিই মূল বিষয়। যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।" ১৪ অক্টোবর কমিশনকে ক্ষমতাহীন করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেছিলেন, "দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে।" 'কার্যকর দুর্নীতি দমন কমিশন: কেন এবং কীভাবে' শীর্ষক এ সেমিনারে রহমান বলেন, 'রাজনৈতিক মামলা'-কথাটি কমিশনের কাছে গ্রহণযোগ্য নয়। তবে 'হয়রানিমূলক' মামলার ব্যাপারে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ সেমিনারের আয়োজন করে। নিজেদের নিরপেক্ষ হিসেবে তুলে ধরতে সরকার দলীয় দুই সাংসদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তোলেন গোলাম রহমান। তিনি বলেন, "সরকার দলীয় দুইজন সাংসদের মামলা বর্তমানে বিচারাধীন। সর্বোচ্চ আদালত থেকে 'ইতিবাচক' সিদ্ধান্ত এলে এ ব্যাপারে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দুদকের স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠিত হবে। "তাই কেউ যদি বলে আমরা সরকার দলীয় বলে কাউকে ছাড় দিচ্ছি তাহলে এটা অনৈতিক হবে।" তবে কমিশনকে আরো কার্যকরী করতে আইন সংশোধন করা প্রয়োজন বলে মনে করেন চেয়ারম্যান। টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, "বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্র"তি ছিলো দুর্নীতি প্রতিরোধ করা। ২০০৭ সালের অর্ডিন্যান্সের মাধ্যমে কমিশনের স্বায়ত্ত্বশাসনের কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে যে সংসদীয় উপ কমিটি কাজ করছে তাতে স্বায়ত্ত্বশাসন খর্ব হবে।" টিআইবি'র সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদও দুদকের আইন সংশোধন করার পক্ষে মত দেন। তিনি বলেন, "দুদকের একার পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব নয়, এর জন্যে সংসদীয় অন্যান্য কমিটিগুলোকে এর সঙ্গে সমন্বয় করে এগুতে হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুদক সক্রিয় থাকলেও তাদের সেরকম দক্ষতা ছিলোনা। সেসময় দুদককে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সেমিনারে অন্যদের মধ্যে কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জিএনএ/২১২০ ঘ.