ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, বাগেরহাট ও লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।
এর মধ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় মাইক্রোবাস ও বাসের মুখোুমখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন মারা গেছেন।
লালমনিরহাটের আদীতমারী উপজেলার রথেরপাড় এলাকায় ট্রাক চাপায় মারা গেছেন দুই মোটরসাইকেল আরোহী।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাইক্রো ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংষর্ষে নিহতরা হলেন- মুন্সীগঞ্জের বিক্রমপুর গ্রামের শাহিন আলমের দেড় বছর বয়সী ছেলে আবদুল্লাহ, শাহিন আলমের ভাই ওসমান হাওলাদারের দুই বছর বয়সী মেয়ে ইসরাত এবং ঢাকার কেরানীগঞ্জের হাছনাবাদ এলাকার বাসিন্দা মোবারক হোসেন (৬০)।
দুর্ঘটনায় মাইক্রোবাসের আরো ১০ যাত্রী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে শাহীন আলমের পরিবারের ১৫-১৬ জন সদস্য মাইক্রোবাস করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। সকাল ১০ টার দিকে মাইক্রোবাসটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্টার লাইন পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় বলে তিনি জানান।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত মোবারককে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস আটক করেছে বলে তিনি জানান।
লালমনিরহাট: আদিতমারী উপজেলার রথেরপাড় এলাকায় বৃহস্পতিবার সকাল নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- উপজেলার ভাদাই গ্রামের সিরিশ চন্দ্রের ছেলে সঞ্চয় চন্দ্র (১৮) ও একই গ্রামের প্রভাত চন্দ্রের ছেলে মৃত্যুঞ্জয় রায় (২০)।
আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টায় লালমনিরহাট থেকে পাটগ্রামগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু'জন মারা যান।
এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এ ঘটনায় মৃত্যুঞ্জয়ের বড় ভাই জয়প্রকাশ রায় আদিতমারী থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা ফজলুল জানান।
বাগেরহাট: বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য বাজারের কাছে দুর্ঘটনায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী মোস্তফা শেখ (৩৮)। তিনি খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের শেখ ফজর আলীর ছেলে।
দুর্ঘটনায় আহত অপর আরোহী জগদীশ বৈরাগীর (৩২) বাড়ি উপজেলার মৌভোগ গ্রামে।
ফকিরহাট থানার ওসি সালাউদ্দিন মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফলতিতা মৎস বাজার এলাকায় একটি বাস অপেক্ষা করছিল। এ সময় মোটরসাইকেলটি এসে এর সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোস্তফা নিহত হন।
তিনি জানান, জগদীশকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24