সিলেট, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি ২০০৯ দ্রুত বাস্তবায়নের দাবিতে সিলেটে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচির উদ্যোগ নেন।
ক্যাম্পাসে পাঠাগার ভবনের সামনে মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন।
এরপর অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সুশান্ত কুমার দাশ, ইয়াসমিন হক, রেজাই করিম খন্দকার, নাজিয়া চৌধুরীসহ ৫১ জন শিক্ষক স্বাক্ষর করে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
উদ্যোক্তাদের পক্ষে এ সময় নাজিয়া চৌধুরী বলেন, কর্মসূচি চলবে এক মাস। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাক্ষর করে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করার আহবান জানিয়ে ক্যাম্পাসে বিশেষ প্রচারণাও চালানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০১ ঘ.
bdnews24