২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক জোরদারে কাজ করতে চাই: মরিয়ার্টি

সম্পর্ক জোরদারে বাংলাদেশ সরকার এবং এ দেশের মানুষের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

রাজশাহী, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পর্ক জোরদারে বাংলাদেশ সরকার এবং এ দেশের মানুষের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তিনি বলেন, "আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর লাখ লাখ বাংলাদেশির জীবিকা নির্ভর করে। আমরা এই মিত্রতাকে আরো গভীর ও শক্তিশালী করতে চাই।" তিন দিনের 'আমেরিকা উইক' উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকালে রাজশাহীর পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে মরিয়ার্টি এ কথা বলেন। আয়োজকরা জানান, এবারের আমেরিকা উইক'র বিষয়বস্তু 'জনগোষ্ঠী'। এর আগে সকাল সোয়া ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের ফিতা কেটে 'আমেরিকা উইক'র উদ্বোধন করেন। এ উপলক্ষে পর্যটন মোটেলে ৫৪টি স্টল দেওয়া হয়েছে। এসব স্টলে যুক্তরাষ্ট্রের ভিসা, শিক্ষা ও সংস্কৃতি, বাণিজ্য-বিনিয়োগ ও উচ্চ শিক্ষার সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিষয় প্রদর্শন ও দিক নির্দেশনা পাওয়া যাবে। প্রথম দিন স্টলগুলোতে দর্শনার্থীদের বেশ ভিড় দেখা গেছে। আমেরিকা উইক উপলক্ষে পর্যটন মোটলসহ নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, "যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বৈশ্বিক জনগোষ্ঠীরও অংশীদার। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নসহ পুরো বিশ্বে প্রভাব ফেলবে- এমন বিষয়গুলো নিয়ে আমরা এক সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি।" তিনি বলেন, রাজশাহীর স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সরকার কিভাবে কাজ করছে আমেরিকা উইক চলাকালে দর্শনার্থীরা তা দেখতে পাবেন। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। ব্যবসা, শিক্ষা কিংবা অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রে কিভাবে যেতে হয় তাও জানতে পারবেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশ সহায়তা-চালিত অর্থনীতি থেকে বাণিজ্য-চালিত অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র।" তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে ৫৫০ কোটি ডলার উন্নয়ন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৮ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৪২০ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মার্কিন দূতাবাসের প্রেস এন্ড ইনফরমেশন অফিসার হারভে ডব্লিউ সেরনোভিজ, মিডিয়া প্রধান মেরিনা ইয়াসমিন। দুপুর ১টার দিকে নওদাপাড়ায় ঈমাম প্রশিক্ষণ কেন্দ্রে মরিয়ার্টি নগরীর ঈমামদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন এবং বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপাচার্য ড. আব্দুস সোবহান, উপ-উপাচার্য এম নুরুল্লাহ, রেজিস্ট্রার এম এ বারী, কোষাধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৩ ঘ.