ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাদককে একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেছেন, "এ সমস্যা এখন পৃথিবীব্যাপী।"
মঙ্গলবার ওসমানী মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
যুব সমাজের উন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা যুব সমাজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত রেখে যেতে চাই।"
স্বাধীনতার ৩৮ বছরেও দেশের আশানুরূপ উন্নতি না হওয়ার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নিরবচ্ছিন্নভাবে চলতে না দেওয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। অথচ একই সময়ে স্বাধীনতাপ্রাপ্ত অনেক দেশ এগিয়ে গেছে। আমরা পিছিয়ে পড়েছি।"
প্রধানমন্ত্রী বলেন, আমরা যুব সমাজের মেধা ও মনন কাজে লাগিয়ে দেশের উন্নতি করতে চাই।
মাদককে একটি বড় সমস্যা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "এ সমস্যা এখন পৃথিবী ব্যাপী।"
তিনি দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে তার সরকারের বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রতিটি পরিবার থেকে একজন বেকার যুবক ও যুব মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করার তার নির্বাচনী অঙ্গীকার ছিল।
প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন," কর্মসংস্থানের ব্যবস্থা করা অর্থ চাকরি দেওয়া নয়। প্রতিটি পরিবার থেকে একজন করে বেকার যুবক ও যুব মহিলার কর্মসংস্থানের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই ন্যাশনাল সার্ভিস নীতিমালা অনুমোদন করেছে। এর আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের জাতি গঠনে সম্পৃক্ত করে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।"
যুব উন্নয়ন অধিদফতরের নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির বাইরে অধিদফতর ও বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচিভিত্তিক নেটওয়ার্কিং প্রকল্পের কার্যক্রম শুরু হতে যাচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ভ্রাম্যমান ট্রেনিং ভ্যানের মাধ্যমে ৩৬টি উপজেলায় বেকার যুবকদের কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে এক মাস মেয়াদি প্রশিক্ষণের কার্যক্রম শুরু হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে এসব কর্মসূচি যুগান্তকারী ভূমিকা পালন করবে।"
প্রধানমন্ত্রী নতুন শিক্ষানীতির বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, "শিক্ষানীতিতে আইটি খাত তথা বিজ্ঞান ও প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।"
অনুষ্ঠানে ১০ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন - ঢাকা বিভাগে আনোয়ার হোসাইন (বাবুল), চট্টগ্রাম বিভাগে অহিদ উল্লাহ, রাজশাহী বিভাগে এবিএম লাজেম, সিলেট বিভাগে মাহমুদুল হাসান ও যুব সংগঠক জাকির হোসেন, রাহিমা সুলতানা, নারী কোটায় নাহিদ সুলতানা তৃপ্তি ও উপজাতি কোটায় বিনয় জ্যোতি চাকমা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ ও যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফখরুল ইসলাম এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত নাহিদ সুলতানা তৃপ্তি ও জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএস/এসকে/১৯৪২ঘ.
bdnews24