ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির পঞ্চম কাউন্সিল অধিবেশনে পাঁচটি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝিং শিয়ান, বৃটিশ হাউজ অব কমন্স-এর সদস্য জর্জ গ্যালাওয়ে, পাকিস্তান ক্ষমতাসীন দল পিপলস পার্টির মিয়া এজাজুল হাসান, শ্রীলংকা ক্ষমতাসীন দল ফ্রিডম পার্টির নেতা ও পর্যটন উন্নয়ন মন্ত্রী ফায়াজ মোস্তফা, কানাডার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিসহ ৫টি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এছাড়া ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, মিশর, তুরস্কের রাষ্ট্রদূত, সুইজারল্যান্ড, মিয়ানমারের উপ রাষ্ট্রদুত উপস্থিত ছিলেন।
পাকিস্তান পিপলস পার্টির মিয়া এজাজুল হাসান কাউন্সিলের সাফল্য কামনা করে বলেন, "পাকিস্তান চায় বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাক। আমরা বিএনপির সাফল্য কামনা করছি।"
কানাডার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতা ডেনিয়েল ব্রিটন বলেন, "বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, টিপাইমুখ বাঁধ, জনসংখ্যা সমস্যাসহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আমরা বাংলাদেশের বন্ধু। বিএনপির কাউন্সিলের সাফল্য কামনা করছি আমরা।"
এছাড়া কানাডার একটি নগরীর সাবেক মেয়র জ্যঁ মার্ক পেলেটিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমএইচসি/আরএ/জিএনএ/১৭০৫ঘ.
bdnews24