ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগরিবের নামাজের বিরতির পর মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বিএনপির রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন আবার শুরু হয়েছে। সদ্য পুনর্নির্বাচিত চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করছেন।
মুলতবির আগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংগঠনিক রিপোর্ট পেশ করলে তার ওপর আলোচনা শুরু হয়।
বক্তব্যে কয়েকজন কাউন্সিলর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর দলের ভবিষ্যত নেতৃত্বের জন্য সর্বময় কর্তৃত্ব দেওয়ার প্রস্তাব করেছেন।
আলোচনা পর্ব শেষে গঠনতন্ত্র সংশোধনীর প্রস্তাবগুলো উত্থাপিত হওয়ার কথা রয়েছে।
রুদ্ধদ্বার অধিবেশনে চেয়ারপারসন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে কাউন্সিলরদের জানানো হয়।
অধিবেশন কক্ষের বাইরে রাত সাড়ে ৮টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বিএনপির হাজার হাজার ডেলিগেট ও নেতাকর্মীসহ সাধারণ মানুষ এ অনুষ্ঠান উপভোগ করছেন।
বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ রুদ্ধদ্বার অধিবেশন শুরু হয়।
দুপুর ২টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের পর প্রথমবার বিকাল পর্যন্ত কাউন্সিল অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল। কাউন্সিলের শ্লোগান হচ্ছে- 'নানান মানুষ, নানা পথ, দেশ বাঁচাতে ঐক্যমত'।
সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিল উদ্বোধন করেন খালেদা জিয়া।
এর পরপরই দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং ৭৪ সাংগঠনিক জেলা কমিটির নেতারা নিজ নিজ জেলার পতাকা উত্তোলন করেন। পরে আকাশে উড়িয়ে দেওয়া হয় সাদা বেলুন।
খালেদা জিয়া সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে করতালিতে পুরো এলাকা উৎসবে মেতে উঠে।
পতাকা উত্তোলনের পর খালেদা জিয়া মূল মঞ্চে এসে কাউন্সিলর, ডেলিগেট ও অতিথিদের হাত তুলে অভিবাদন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ভিডিওতে ধারণ করা বক্তব্য প্রচার করা হয়। কালো সুট পরিহিত তারেক আবেগ আপ্লুত কণ্ঠে বক্তব্য রাখেন।
এতে তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকার তাকে হত্যা করতে চেয়েছিল বলে অভিযোগ করেন।
নেতাকর্মীদের উদ্দেশে লন্ডন থেকে দেওয়া বক্তব্যে তারেক রহমান আরো বলেন, "আমি আগামীতে কখন দেশ ও দলের কাজে জড়াব, সে সিদ্ধান্ত এখনো নিইনি। আগামী দিনে সার্বিক পরিস্থিতি এবং শারীরিক সুস্থতার ওপর তা নির্ভর করছে।''
কাউন্সিল উপলক্ষে রাজধানীতে বড় বড় ডিজিটাল ব্যানার-ফেস্টুনসহ অনুষ্ঠানস্থল নানা ধরনের পতাকায় সাজানো হয়েছে। বিপুল জনসমাগমে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা।
পুলিশ ও র্যাবসহ দলীয় নিরাপত্তা স্কোয়াডের তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এই কাউন্সিলে উপস্থিত রয়েছেন ২,৫১২ জন কাউন্সিলর, ১২ হাজার ডেলিগেট এবং ৩ হাজার দেশি-বিদেশি অতিথি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রথম কাউন্সিল অধিবেশন করেন। এরপর ১৯৮৩ ও ১৯৮৮ সালে ক্ষুদ্র পরিসরে দ্বিতীয় ও তৃতীয় এবং ১৯৯৩ সালে বৃহৎ পরিসরে চতুর্থ কাউন্সিল করে বিএনপি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধনী) এর আওতায় দলের গঠনতন্ত্র সংশোধন করতেই এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ওই আইনের আওতায় আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের কাছে বিএনপির সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
বিএনপির পঞ্চম কাউন্সিল উপলক্ষে গত ৪ ডিসেম্বর খালেদা জিয়া তৃতীয় দফা চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। ১৯৮৪ সাল থেকে তিনি বিএনপির শীর্ষ পদে অধিষ্ঠিত আছেন।
স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা ১৯৮৩ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে আসেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/২১৩০ ঘ.
bdnews24