খাগড়াছড়ি, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অদক্ষতার অভিযোগে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম খায়ের আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
লক্ষ্মীছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা খায়েরের এটি ছিল চলতি দায়িত্ব।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বদরুল আলম তরফদার স্বাক্ষরিত বৃহস্পতিবারের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
রোববার ফ্যাক্সযোগে প্রজ্ঞাপনটি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদ্যসমাপ্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০০৯-এ নিজ দায়িত্ব পালনে চরম উদাসীনতা ও অদক্ষতার পরিচয় দেন। এতে জেলায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
সামগ্রিক বিবেচনায় ওই কর্মকর্তাকে জনস্বার্থে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।
এ ব্যাপারে খায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাগড়াছড়ি জেলা প্রশাসক পছন্দের কাউকে বসানোর জন্য অন্যায়ভাবে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে এ ঘটনা ঘটিয়েছেন।"
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ এ অভিযোগ অস্বীকার করে বলেন, খায়ের আহমেদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা সঠিক আছে।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কারবারীও এ বরখাস্ত সঠিক বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24