২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলায় জড়িত থাকার স্বীকারোক্তি হুজি নেতা মজিদের

হরকাতুল জিহাদ (হুজি) নেতা আব্দুল মজিদ ওরফে মো. ইউসুফ বাট ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরকাতুল জিহাদ (হুজি) নেতা আব্দুল মজিদ ওরফে মো. ইউসুফ বাট ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক একেএম এমদাদুল হকের খাস কামরায় রোববার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি জবানবন্দি দেন। ১৪ দিন রিমান্ড শেষে বিকাল ৪টায় মজিদকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনায় নিজেকে সম্পৃক্ত করে মজিদ এই জবানবন্দি দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তিনি বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের অন্য এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজিদ কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য। তিনি এ মামলার আরেক আসামি মাওলানা তাজউদ্দিনের সহায়তায় এ দেশে আসেন। তাজউদ্দিন সাবেক জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই। তিনি এখন পলাতক রয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, আব্দুল মজিদের সঙ্গে মুফতি হান্নানের সম্পর্ক ছিল। মজিদ কাশ্মীর থেকে জঙ্গিদের এদেশে এনে প্রশিক্ষণ দিতেন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ রক্তক্ষয়ী গ্রেনেড হামলার মামলায় এ পর্যন্ত মজিদসহ ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার হুজি আমির মাওলানা শেখ আব্দুস সালাম জবানবন্দি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসকে/২১২৫ঘ.